ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজানোকে কেন্দ্র করে দু'পক্ষের সংর্ঘষে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ময়না আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার কন্যা। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহানের মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। বৃহস্পতিবার ছিল বিয়ের আয়োজন। এ বিয়ের অনুষ্ঠানে বিকালে পাশের গ্রাম চাউরাখোলা গ্রামের ছেলেরা গানবাজনা শুনতে আসে বরপক্ষের বাড়িতে। উচ্চ শব্দে গানবাজনাকে কেন্দ্র করে বর পক্ষের সঙ্গে চাউরাখোলার ছেলেদের ঝগড়া হয়। পরে চাউরাখোলার ছেলেরা বিষয়টি মীমাংসার জন্যে কনের চাচা হোসেন মিয়াকে জানায়। হোসেন মিয়া বিষয়টি মীমাংসা না করে উল্টো চাউড়াখোলা ছেলেদের ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে চাউড়াখোলা গ্রামের বেলাল মিয়া নামে এক যুবককে থাপ্পড় দেন তিনি।
পরে চাউরাখোলা গ্রামের যুবকরা সংঘবদ্ধ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মনিপুর আতকাপাড়া গ্রামে কনেপক্ষের লোকজনের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার নামে ১২ বছরের এক শিশুকন্যা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ইট পাটকেলের আঘাতে আরো অন্তত পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।










