নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সদস্য সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার ইলুমদী আমবাগ এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, গতকাল ভোরে স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের বাড়ি থেকে তার মোটরসাইকেল ডাকাতির চেষ্টা করে এক দল ডাকাত। তবে এ সময় মোটরসাইকেলটি চালু হচ্ছিল না। পরে ওই বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত বলে চিত্কার দিলে এলাকারবাসী বের হয়ে আসে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ইলুমদী আমবাগ এলাকায় ডাকাত দলের সদস্য সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে একজন মারা গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের অন্য কোনো উদ্দেশ্য ছিল। হয়তো বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তাভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু বিষয়টি স্থানীয়রা টের পেয়ে যাওয়ায় তারা পালিয়ে যায়।










