চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের পতাকার ওপর গেরুয়া পতাকা ঝুলিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ওই দুই যুবক হলেন— রাজেশ চৌধুরী এবং হৃদয় দাশ। রাজেশ কোতোয়ালী থানার আলকরণ এলাকার শ্যামল চৌধুরীর ছেলে এবং হৃদয় একই এলাকার অমল দাশের ছেলে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) লালদীঘি ময়দানে সমাবেশের পর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা লাগানো হয়। এটি জাতীয় পতাকা অবমাননার শামিল। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।