চলমান আন্দোলনের মধ্যে ঢাকার আশুলিয়ায় ৪টি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের শিকার হওয়া কারখানাগুলো হচ্ছে, বেক্সিমকো সিনথেটিক, হা-মীম গ্রুপের মালিকানাধীন একটি ওয়ারহাউজ, বেঙ্গল প্লাস্টিকের কারখানা। এছাড়া, শেরপুরে একটি স্পিনিং মিলেও আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার শেরপুর ও ঢাকার আশুলিয়ার জিরানি এলাকায় সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঘটা এসব অগ্নিকাণ্ডে নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি।
কারখানা মালিকরা জানিয়েছেন, রোববার কারখানা চালু থাকলেও দুপুরের পর বন্ধ করে দেয়া হয়। চলমান আন্দোলনে ভাংচুর ও শ্রমিক অসন্তোষের ভয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে, সরকার ঘোষিত তিন দিনের সাধারণ ছুটির কারণে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তাদের সব মেম্বারদের কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে।










