অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার সিআইডি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান জানান, গত শুক্রবার সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তাররা হলেন— মো. আলা উদ্দিন (৪২), শাহাদাৎ হোসেন (৩২) এবং মো. সাহাব উদ্দিন (৪৮)। তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিআইডির সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় দেখতে পায়, একটি চক্র আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন অনলাইন জুয়ার সাইট বাংলাদেশে অবৈধভাবে পরিচালনা করছে। এসব সাইটে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক হিসাব এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করা হচ্ছিল।
এ ঘটনায় ২০২৫ সালের ১৬ নভেম্বর পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর একাধিক ধারায় মামলা করা হয়। তদন্তে সিআইডি জানতে পারে, দেশে ও দেশের বাইরে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপনও প্রচার করা হতো।
তদন্তে আরো উঠে আসে, আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে অনলাইন বেটিংয়ের আয়োজন করা হতো। ব্যবহারকারীদের মোবাইল ব্যাংকিং, ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে হতো। পরে সেই অর্থের বিপরীতে বেটিং অ্যাকাউন্টে ই-মানি বা বট মানি যোগ করা হতো।










