গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ আবুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‍্যাব জানায়, শুক্রবার ভোরে তাদের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা এলাকা দিয়ে একটি ট্রাক গাঁজা নিয়ে রংপুর থেকে বগুড়া রওনা দিয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।


মাহমুদ বশির আহমদে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।