কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পে নতুন এবং পুরাতন রোহিঙ্গাদের মধ্যে রেশন কার্ড বৈষম্যের বিক্ষোভে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পরিস্থিতি থামাতে গিয়ে রোহিঙ্গাদের নিক্ষেপ করা ইট-পাটকেলের আঘাতে ১০/১২ জন এপিবিএন সদস্য আহত হয়েছে। এসময় পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশ ৫ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করেন।

রোববার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, রোববার সকাল থেকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে রেশন কার্ড ইস্যুকে কেন্দ্র করে রোহিঙ্গা নারীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। এপিবিএন সদস্যরা উশৃঙ্খল রোহিঙ্গাদের শান্ত করার চেষ্টা করে। রোহিঙ্গা এতে শান্ত না হয়ে দফায় দফায় বিভিন্ন স্পটে ইট-পাটকেল মেরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তারা এক পর্যায়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিতে পুলিশের উপর ইট পাটকেল মেরে ধস্তাধস্তি শুরু করে পুলিশের অস্ত্র টানা হেচড়া শুরু করলে পুলিশ জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৫ রাউন্ড উপরের দিকে শর্ট গানের গুলি করে। এতে রোহিঙ্গা নারীরা ছত্র ভঙ্গ হয়ে পালিয়ে যায়। ইট পাটকেলের আঘাতে এপিবিএন এর ১০-১২ জন সদস্য আহত হয়। এরপর ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ে। 

তিনি আরও জানান, এ বিষয়ে সোমবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।