ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নজরুল ইসলাম (২৭) গাইবান্ধার সাঘাটা উপজেলার পাখিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের গঙ্গানগর ব্রিজের পাইলিংয়ের কাজ চলছিল। সোমবার সকাল সাড়ে ১১টায় কাজ করার সময় হঠাৎ পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ হেলে পড়ে বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্য শ্রমিক তাকে দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










