সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাজ্জাদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সাজ্জাদ হোসেন পৌর এলাকার পুরাতন ভাঙ্গাবাড়ী মহল্লার আবু সাঈদের ছেলে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ভাঙ্গাবাড়ী ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সংঘর্ষ শুরু হয়। গতকাল আবারো সংঘর্ষে জড়ায় দুই মহল্লার বাসিন্দারা। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় সাজ্জাদ হোসেনসহ অন্তত ১১ জন আহত হয়। সাজ্জাদকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

সাজ্জাদ হোসেন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বেশকিছু বাড়িঘর ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।