নভেল করোনাভাইরাসজনিত মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশংকা থাকলেও এতে বাংলাদেশের খুব ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন। তিনি বলেন, সরকার খাদ্য নিশ্চয়তার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। খাদ্যের জোগান ঠিক থাকলে অন্য সমস্যাও মোকাবেলা করা সম্ভব। 

আজ শুক্রবার বিকেলে সিলেটের নগরে সরকারের একটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ পার্সেন্টের মতো, সেখানে আমাদের ৬ এর উপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা—টুকেরবাজার সড়কের সংস্কার ও ফোরলেন কাজের উদ্বোধন করেন। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।