নারায়ণগঞ্জের আড়াইহাজারে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত দুই শিশু হলো ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা স্থানীয় হাজিরটেক কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা ও হুমাইরা মাদ্রাসা ছুটির পর পাশেই মেঘনার শাখা নদীতে অন্য সহপাঠীর সঙ্গে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।