ঈদুল আজহা সামনে রেখে উত্তরবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, যার প্রভাব পড়েছে যমুনা সেতুতে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এসময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। খবর বাসস।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত এ যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যাই ছিল বেশি।

তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ রয়েছে। সার্বক্ষণিক টোল আদায় ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে কর্তৃপক্ষ।

এদিকে যানজট নিরসন ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

তিনি বলেন, যমুনা সেতু এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং কোরবানির পশুবাহী ট্রাক তদারকিতে ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে।