খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ফ্লু কর্নারে ভর্তির ৭ ঘণ্টা পর মৃত শিশুটির করোনা ছিল না। মৃত শিশু রাফাত (৬ মাস) এর নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফ্লু কর্নারের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু রাফাত মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। এরপর শনিবার তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের পিসিআর সেকশনে পাঠানো হয়। সেখান থেকে রোববার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানানো হয়।

উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় রাফাত ১০ এ‌প্রিল বিকাল ৩টা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীর অবস্থা পর্যালোচনায় করোনা সন্দেহ হয়। এরপর ওইদিন বিকাল ৫টার দিকে তাকে করোনা ফ্লু কর্নারে নেয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের পরীক্ষা ল্যাবে পাঠানো হয়েছে। শিশুটি নিউমো‌নিয়ায় আক্রান্ত হওয়ার কারণে জ্বর, সর্দি, কাশি সব ধরনের লক্ষণ তার ছিল। মৃত রাফাত খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেট এলাকার ফোরকানের ছেলে।

এদিকে রোববার দুপুর পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ৫ জন ভর্তি আছেন। আর এ পর্যন্ত খুলনায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। কিন্তু কেউই করোনা আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।