সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার যানবাহনের চলাচল কম, অনেক কলকারাখানাও বন্ধ ছিল। কিন্তু তারপরও আজ বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ছিল ঢাকা। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বেলা ১২টায় বায়ুদূষণে ঢাকার এ অবস্থান ছিল। শুক্রবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।
একিউআই অনুযায়ী, বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (১৯৮)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (১৯৪), পাকিস্তানের করাচী (১৮৭) ও ভারতের দিল্লি (১৭৫)।
বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।










