কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমানবন্দরের বাইরে অপেক্ষারত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে তাকে অভ্যর্থনা জানান।
এর আগে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী ঢাকা ত্যাগ করে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান আছেন। সেখানে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করবেন এবং একটি সমাবেশে বক্তব্য দেবেন। কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকালে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করে মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, এরপর পেকুয়া উপজেলায় ২৪‘র জুলাই বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, তারপর নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকালে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান।
এরপর মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী। এরপর বিমানে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।










