আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার ট্রাইব্যুনালের সেমিনার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। খবর বিবিসি বাংলা।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের এখানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের একটা মামলার বিচার চলছে। শাপলা চত্বর মামলায় তদন্ত প্রায় শেষের দিকে। এছাড়া কমিশনার একরাম হত্যা মামলায় ইতোমধ্যে তার বিরুদ্ধে ফরমাল চার্জ আমরা রেডি করেছি। এটা সাবমিট করব খুব শিগগিরই।

তিনি বলেন, প্রায় ছয় থেকে সাতটি মামলার তদন্ত চলছে তার বিরুদ্ধে। অসংখ্য গুমের অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। তার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের বাইরেও ফিন্যান্সিয়াল ক্রাইমের অসংখ্য অভিযোগ আছে।

তিনি আরো জানান, ইন্টারপোলের কাছে ওয়ারেন্টের কপি যাবে। এরই মধ্যে তাকে ফেরত চেয়ে আবেদন জানানো হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, কূটনৈতিক চ্যানেলে এ প্রক্রিয়া শেষ হলে সেখানে আমরা যতটুকু জানি একমাস সময় লাগে। হয়তো একমাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে সরকার তাকে বাংলাদেশে ফেরত দেবে। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানের চলমান মামলাগুলোয় তাকে আদালতে আনা হবে।

তিনি জানান, দেশে ফেরানোর পর বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন করবে ট্রাইব্যুনাল।