রাজধানীর পল্লবীতে একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পল্লবী থানার সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি-ব্লকের ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হানিফ জানান, মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে আসেন সেলিনা আফরোজ। এরপর থেকে তিনি পল্লবীতে বাবার পৈত্রিক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ভবনের চারতলায় সেলিনা আফরোজের এক বোন বসবাস করেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্য কিংবা স্বজনদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।










