চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটির নাম মিসবাহ।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। কীভাবে সে ওই গর্তে পড়েছে, তা এখনো জানা যায়নি।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার ফাইটার মো. মহিবুল হোসেন জানান, আজ বিকালে কদলপুরের দক্ষিণ জয়নগর গ্রামে একটি তিন বছর বয়সী শিশু গভীর নলকূপে পড়ে যাওয়ার তথ্য তারা পান। খবর পাওয়ার পর রাউজান ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।
তিনি আরো জানান, নলকূপটির গভীরতা আনুমানিক ৩০ থেকে ৪০ ফুট। শিশুটিকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি সেখানে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।









