বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বাণিজ্য উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফর নিয়ে আলোচনা হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বাণিজ্য উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফর নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগ বিষয়ে জাপানের বৃহৎ বাণিজ্য গ্রুপ এনইএক্সআই (নিপ্পন), মিত্সুই, মারুবেনি, এইচএসবিসি, মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রি ও জেটির প্রতিনিধিদের সঙ্গে টোকিওতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি জাপানের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এদেশে আরো বেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

জাপানের রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাম্প্রতিক জাপান সফর বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বাংলাদেশীদের জন্য জাপানি ভাষা শিক্ষা কর্মসূচি গ্রহণ ও এদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।