মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে।

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত। আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে জাতির আশা কিছুটা পূর্ণ হয়েছে বলে মনে করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিচারকরা রায় পড়েছেন, সেখানে ফুটে উঠেছে অপরাধীরা কী পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে। পত্রপত্রিকা, অডিও-ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যেসব তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোড-আনকোড সেগুলো পড়ে শোনানো হয়েছে। এসব নিয়ে জাতিও বিস্মিত হয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘এর আগে মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াতে ইসলামীর নেতাদের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, তা শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক মানের হয়নি। ওই সব বিচারের বাদী, এজাহার, মামলা, সাক্ষী, বিচারক এবং রায় সবই ছিল সাজানো। আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা, বিদেশ থেকে রায় লিখে দিয়ে ডিক্টেট করা—স্কাইপে কেলেঙ্কারি।’