চায়ের আড্ডায় তরুণ ভোটারদের প্রত্যাশা, মতামত ও বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনার কথা শুনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে এ চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জাইমা রহমান তাদের সঙ্গে কথা বলেন। বেলা সোয়া ৩টার দিকে শুরু হয়ে এ আড্ডা চলে প্রায় ২ ঘণ্টা।
তরুণ-তরুণীদের ভাবনা, প্রত্যাশা ও স্বপ্নের কথা শোনার জন্য ব্যতিক্রমধর্মী ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম। আড্ডায় এক নারী শিক্ষার্থী বলেন, ‘অনলাইন ও পাবলিক স্পেসে আমাদের অনেক হেনস্তার শিকার হতে হয়। নারীদের নিরাপত্তার ক্ষেত্রে যদি বাড়তি নজর দেয়া যায়, তাহলে ভালো হবে।’
তখন জাইমা বলেন, ‘নারীদের নিরাপত্তা আমাদের এক নম্বর প্রায়োরিটি। আমাদের দেশের প্রায় ৫১ শতাংশ নারী। তাদের বাকস্বাধীনতা, ভিন্নমতাবলম্বন ও সমাজের উন্নয়নে অংশগ্রহণ নিয়ে আমাদের কাজ করতে হবে।’
আরেকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা একটু নির্মল ঢাকা দেখতে চাই। যানজট মুক্ত ঢাকা দেখতে চাই। যেখানে প্রাণভরে শ্বাস নিতে পারব।’ তখন জাইমা রহমান বলেন, ‘এখন শীতের সময়। এসি কম চলছে। কিন্তু গরমের সময় সব এসি যখন চলবে তখন বাতাসের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। খালগুলোও খনন করা হয়নি। খাল-বিলগুলো মেরামত করা, পার্কগুলোতে সংস্কারসহ শহর পরিষ্কার রাখতে হবে।’









