গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম জবা রানী (৭৫)।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়া মহল্লায় এ ঘটনায় ঘটে। 

জবা রানী ওই মহল্লার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্তান-সন্ততি না থাকায় স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন জবা বানী। তীব্র শীতের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খড়ের আগুনে তাপ নিচ্ছিলেন বৃদ্ধা জবা রানী। এসময় অসাবধানতাবশত আগুন কাপড়ে লেগে তিনি দগ্ধ হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে বাড়িতে জবা রানী মারা যান।

ঘটনাটি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম।