কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মোড় কাঁচাবাজারসংলগ্ন নালা দখল করে বহুতল মার্কেটের নির্মাণকাজ চলছে। এতে ওই এলাকার অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে নালা বন্ধ করে স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানায়, লিংকরোড মোড়ে কাঁচাবাজারসংলগ্ন নালাটি দখল করে এক মাস ধরে স্থাপনা নির্মাণ করছেন উত্তর মুহুরিপাড়ার মৃত মোহাম্মদ হোছনের ছেলে জাফর আলম। তিনি সেখানে সরকারি নালা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইডওয়াল দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন। এর পাশে নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন গফুর সওদাগর নামের আরেক ব্যক্তি। সরকারি নালা দখল করে কয়েক মাস ধরে ভরাট ও স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।
মুহুরিপাড়ার বাসিন্দা জাকারিয়া জানান, নালা ভরাট ও স্থাপনা নির্মাণের ফলে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে পুরো এলাকা পানিতে প্লাবিত হচ্ছে। একই সঙ্গে ওই এলাকার অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো কাজ হচ্ছে না।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য কুদরত উল্লাহ সিকদার জানান, সরকারি জমিতে নালা দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে ভরাটও চলছে। উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইডওয়াল দখল করা হয়েছে। সরকারি বরাদ্দে কাঁচাবাজার নির্মাণের সময় নালা রেখে গাইডওয়াল নির্মাণ করা হয়েছে।
অভিযুক্ত জাফর আলমের বক্তব্যের জন্য নির্মাণাধীন ভবনসংলগ্ন তার মালিকানাধীন মিষ্টির দোকান বনফুল শোরুমে গিয়ে তাকে পাওয়া যায়নি। ওই দোকানের কর্মচারীরা জানান, জাফর আলম কয়েক দিন ধরে সেলফোন ব্যবহার করছেন না। এমনকি তিনি কিছুটা গা-ঢাকা দিয়ে বেড়াচ্ছেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, নালা দখলের বিষয়টি আমার নজরে এসেছে। এটি দ্রুত উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।










