ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায়, কোনো কোনো রাজনৈতিক দল সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি কোনো দল বা ব্যক্তিকে দোষারোপ করতে চাই না। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ করি, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয়, তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। কারণ এখন দরকার অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।’

সংস্কারকাজ এগিয়ে নেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারকাজ শেষ করতে পেরেছে। এটা প্রয়োজন ছিল।’

সংস্কার বিষয়ে বিএনপির ভূমিকা উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এ সংস্কারগুলোকে দেখছি। সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়েই। সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেয়া, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা—সবই তো বিএনপির করা।’

বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নামগন্ধ থাকবে না—এমন সব চেষ্টা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। তাকে মুছে ফেলা যাবে না।’

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ৬৪০ পৃষ্ঠার ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ সংকলন গ্রন্থটিতে মোট ১৩টি অধ্যায় আছে। একটি অধ্যায়ে ‘আমার বাবা’ শীর্ষক তারেক রহমানের লেখা আছে।

বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ্ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল প্রমুখ।