রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তরুণদের মধ্যে শাওন দত্ত (১৭) চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তিনি চট্টগ্রামের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে। অন্যজন প্রিয়ন্ত দাশ (১৬)। নিখোঁজ দুজন সম্পর্কে একজন আরেকজনের খালাতো ভাই।

নিখোঁজদের বন্ধু সালমান আহমেদ জানান, তারা নয়জন মিলে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি নৌকায় করে কাপ্তাই এলাকায় ঘুরতে যান। সীতার ঘাট এলাকায় এসে নয়জনের মধ্যে চারজন কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। এর মধ্যে দুইজন উঠে আসতে পারলেও প্রিয়ন্ত ও শাওন তলিয়ে যান।

নিখোঁজ দুই তরুণের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে আমাদের চেষ্টা চলছে।