প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক এখনো চলছে।
আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বিকাল তিনটার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
শফিকুল আলম বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটি প্রস্তুতিমূলক সভা।
বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, গণফোরামসহ অন্যান্য দলগুলো অংশ নিয়েছে।










