দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল ভোর ৫টায় প্রথম ট্রেন ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। দীর্ঘদিন পর এ রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় আনন্দিত যাত্রীরা। তবে এ রুটে ১৬ জোড়া থেকে কমিয়ে আট জোড়া ট্রেন চলাচল করবে। ট্রেনের সংখ্যা কমিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

তবে রেল কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা কমানোর কারণ হিসেবে বলছে, ঢাকার গেন্ডারিয়ায় ট্রেন লাইন মেরামতের কাজ এখনো শেষ হয়নি। গেন্ডারিয়া স্টেশনের কাজ শেষ হলে পুরোদমে ১৬ জোড়া ট্রেন চলবে।

আগের ১৫ থেকে বাড়িয়ে বর্তমানে ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের ট্রেন ভাড়া বাড়ানোর বিষয়ে তেমন আপত্তি না থাকলেও ট্রেন চলাচলের সময়সূচির বিষয়ে তারা আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, ট্রেন চলাচলের সময়সূচি পরিবর্তন না করলে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হবে। যাত্রীরা সময়সূচি পরিবর্তন করতে রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, আগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেইল ট্রেন চলত, তার ভাড়া ছিল ১৫ টাকা। এখন উন্নত করে এ রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে, যার ভাড়া ২০ টাকা। আর কমিউটার ট্রেনের টিকিট আগে থেকেই ২০ টাকা নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনে যাত্রীদের পর্যাপ্ত সুবিধা রয়েছে। গেন্ডারিয়া ট্রেনলাইনের কাজ শেষ হলে ১৬ জোড়া ট্রেন চলাচল শুরু হবে। গেন্ডারিয়া স্টেশনে লাইনের সংস্কারকাজ চলমান থাকায় ট্রেনের লাইন পরিবর্তন করা যায় না। রেল কর্তৃপক্ষ সে হিসাব মাথায় রেখে ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারণ করেছে।

পদ্মা সেতুর রেললাইন স্থাপন ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল লাইন মেরামতের কাজ করতে গত ৪ ডিসেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। গত ২৫ জুলাই রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নারায়ণগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করে ১ আগস্ট থেকে ট্রেন চলাচল শুরু হওয়ার ঘোষণা দেন।