সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দুদিন অপরিবর্তিত থাকার পর আবারো বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৮ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে যমুনায় পানি এখনো বিপত্সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ৩১ জুলাই থেকে যমুনায় হঠাৎ পানি বাড়া শুরু হয়। দুদিন পানি বাড়ার পর পরবর্তী দুদিন স্থিতিশীল অবস্থায় থাকে। বুধবার থেকে যমুনায় আবারো পানি বাড়তে শুরু করেছে। ২৪ ঘণ্টায় পানি ৮ সেন্টিমিটার বেড়েছে, তবে সিরাজগঞ্জ পয়েন্টে বিপত্সীমার ১৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল দুপুরে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৬৮ সেন্টিমিটার। অন্যদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১৭ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, আগামী ২৪ ঘণটা পানি বাড়া অব্যাহত থাকতে পারে। তবে পানি যে হারে বাড়ছে, সে তুলনায় এখনো বন্যা হওয়ার শঙ্কা নেই এবং আতঙ্কিত হওয়ারও কিছু নেই।










