জনবল নিয়োগকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এনবিআর জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী আয়কর বিভাগের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু কিছু প্রতারকচক্র চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব চক্র বিভিন্ন কৌশলে চাকরি দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। তারা এমনও দাবি করছে যে, অর্থের বিনিময়ে চাকরি দেয়া হয়েছে— যা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক।
যারা যোগ্যতার ভিত্তিতে স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি পাবেন, তাদের ক্ষেত্রেও মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
এনবিআর জানায়, যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না তাদের কারো কারো অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারেন। কিন্তু যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া অর্থ এরা হাতিয়ে নেবে।
আরো বলা হয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
প্রতারণা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এনবিআর বলেছে, কেউ যদি চাকরি দেয়ার নামে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা এনবিআরের জনসংযোগ কর্মকর্তাকে (০২-২২২২১৭৭৭৭, ইমেইল: [pro@nbr.gov.bd](mailto:pro@nbr.gov.bd)) জানাতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তেও সবাইকে সতর্ক করা হয়েছে।










