সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (৭৮) মারা গেছেন। আজ সোমবার সকাল আনুমানিক ৮ টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কারা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার' রোগের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নং ওয়ার্ডে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ভর্তি করা হয়। বন্দির অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে গতকাল আনুমানিক বিকাল ৪ টায় পুরাতন ভবনের ৫ম তলায় আইসিইউতে রেফার্ড করা হয়। আইসিইউতে চিকিৎসা চলাকালীন উক্ত বন্দি অদ্য সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাংচুর মামলায় গ্রেফতারের পর থেকে সাবেক এই শিল্পমন্ত্রী কারাগারে ছিলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্পমন্ত্রী হন তিনি।










