মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেষ্টপুর গ্রামের মৃত করিম মোল্যার ছেলে মতিউর রহমান (৫০) ও মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে সজিব হোসেন (২৬)।
মাগুরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মতিউর রহমান গুরুতর আহত হন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সন্ধ্যায় মাগুরা-ঢাকা মহাসড়কের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।










