বিরোধীদলীয় নেতা এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, ইরান কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং পাবলিক রিলেশনশিপ অফিসার (দোভাষী) মাহফুজুল হক।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের জন্য সহানুভূতি প্রকাশ করেন জামায়াতের আমীর। যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতিতে তিনি শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় তিনি শান্তি চুক্তির জন্য ইরানকে ধন্যবাদ দেন এবং শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। সেই সঙ্গে এ চুক্তি কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করেন।
দু'পক্ষ এসময় পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট, মেডিকেল টুরিজম নিয়ে আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে ইরানের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
তিনি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছাও পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।










