লক্ষ্মীপুর পৌর শহরের তেরবেকি এলাকায় প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ১৮৭ ফুট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এতে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট নৌবন্দর হয়ে ভোলা-বরিশালের সঙ্গে কয়েক লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। গতকাল দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এ কাজের উদ্বোধন করেন।

ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের তেরবেকি বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্তের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রহমতখালী খালের ওপর লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি বাজার বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থার রয়েছে। ছয় মাস আগে তেরবেকি বাজার ব্রিজ নির্মাণকাজের টেন্ডার ঘোষণা করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড টেন্ডারের মাধ্যমে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৮৭ ফুটের ব্রিজটির কাজ পায়। ব্রিজটি ১০ দশমিক ২৫ মিটার চওড়া হবে। আগামী ১৮ মাসের মধ্যে ব্রিজের নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত জানান, ছয় মাস আগে বরাদ্দ অনুযায়ী তিনটি ব্রিজের টেন্ডার ঘোষণা করা হয়। এরমধ্যে একটি তেরবেকি বাজার ব্রিজ। ১৮ মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।