ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ছাত্র-জনতাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ সোমবার (৫ আগস্ট) বিকাল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমি যতটুকু উনার (সেনাপ্রধান) সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা; তা উনি বুঝতে পেরেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক বলেন, ছাত্র, জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখেন, ধৈর্য ধরেন। এ দেশটা আমাদের। ইনশাআল্লাহ, এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব।

আজ সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে অন্যদের মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও ছিলেন।