গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে এক কৃষকের বেগুন ও মরিচের বীজতলা নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ জুন) সকালে
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়াইলবাড়ী গ্রামের আতাউল
ইসলামের বপন করা হাইব্রিড জাতের
বেগুন ও মরিচের বীজতলা রাতে কেউ নষ্ট করে রেখেছে।
ক্ষতিগ্রস্ত আতাউল ইসলাম বলেন, দেড় বিঘা জমির জন্য বসুন্ধরা হাইব্রিড জাতের বেগুন ও বিজলী হাইব্রিড জাতের মরিচের
বীজতলা করা হয়েছিল। আর এক সপ্তাহ পরই চারাগুলো রোপন করা যেত। কিন্তু রাতে কে বা কারা আমার বীজতলা নষ্ট করে দিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আতাউল ইসলামের ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করতে যাবেন বলে জানিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আ. রশীদ। তিনি বলেন, এই মুহূর্তে আমি অন্য একটি দায়িত্ব পালন করছি। সেখানে কাজ শেষে ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শনে যাব।









