ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাসান (৩০)। আজ বুধবার সকালে মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান বরগুনার আমতলীর সোনাখালী এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, সকালে মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় সেজুতি পরিবহন নামের এক বাস চাপায় ওই পথচারী নিহত হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি আটক করে পুলিশ হেফাজতে রাখা রয়েছে।










