নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা আরো ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুল সংখ্যক পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, দ্বিতীয় দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে দুটি ৪তলা ভবনের আংশিক, ৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৬টি টিনশেড, ৩টি বাঁশের জেটিসহ মোট ২১টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে নদী দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দখলদাররা যতোই প্রভাবশালী হোক না কেন তাদের কোনো ছাড় নেই।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, গত কয়েক মাসে ৫ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি নদী রক্ষায় সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে।