নারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ হত্যাকাণ্ড হয়েছে। নিহত নয়ন স্থানীয় জালাল সিকদারের ছেলে। সে হোসিয়ারি কারখানায় কাজ করত। 

স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধুরা ফোন করে নয়নকে বাইরে ডেকে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন বোয়ালিয়া খাল সড়কের পাশে বালির স্তূপে নয়নকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়েছে। পরে গুরুতর অবস্থায় নয়নকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। 

পরিবারের সদস্যদের অভিযোগ, নয়নের বন্ধুরাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। কিছুদিন আগে নয়নের মায়ের সেলফোনে নয়নকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল। 

নিহতের বাবা জালাল সিকদার বলেন, ‘যারা আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

ফতুল্লা থানার ওসি নূরে আজম জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।