নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মামুন নিহতদের আপন চাচাতো ভাই। হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে মামলার ৬ নম্বর আসামি মামুনের বোন মোর্শেদাকে পুলিশ গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত মামুন ও মোর্শেদার বাবা মহিউদ্দিনসহ আরো সাত আসামি এখনো পলাতক রয়েছেন।
জমিসংক্রান্ত পূর্ব বিরোধ ও রাস্তায় স্যুয়ারেজের পাইপ বসানোকে কেন্দ্র করে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে আসলাম সানি ও তার ভাই শফিকুল ইসলাম রনিকে কুপিয়ে হত্যা করেন চাচা মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় অভিযুক্ত মহিউদ্দিনসহ তার পরিবারের নয়জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন নিহতদের বড় বোন সামসুন্নাহার।









