খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ আরো দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আল-মামুন (৩৪) ও রফিকুল ইসলাম (৩৫)। এ নিয়ে গত নয় মাসে খুলনায় আল্লাহর দলের ১২ জনকে গ্রেফতার করা হলো।
বুধবার রাত সোয়া ১টার দিকে মহানগরীর ফুলবাড়ী গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
র্যাব-৬-এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ী গেট এলাকায় অভিযান চালিয়ে ‘আল্লাহর দলের’ দুজন সক্রিয় সদস্য যশোরের ঝিকরগাছার কায়েমখোলার মোফাজ্জেল হোসেনের ছেলে আল-মামুন ও আবুল হোসেন মণ্ডলের ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ১১০ টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য, র্যাব-৬ গত বছরের ৩ মে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়া খামার এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ তিন সক্রিয় সদস্য ও ৩০ ডিসেম্বর মহানগরীর লবণচরা থানাধীন খোলাবাড়িয়া এলাকা থেকে একই সংগঠনের পাঁচ সক্রিয় সদস্য এবং গত ১২ জানুয়ারি খুলনার সদর থানাধীন রেলস্টেশন এলাকা হতে একই সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।










