দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে তিন কর্মকর্তা পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে।
রোববার (১০ মে) ইসি উপসচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেয়া হয়েছে।
তারা হলেন, ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।
সফরের সব ব্যয় বহন করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি ২৭ মে দেশ ত্যাগ করবে এবং ৭ জুন দেশে ফিরবে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী এক বছরে দেশে চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন দেশের নির্বাচন ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।










