সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে খড়ের পালা দেয়ার সময় বজ্রপাতে মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার সড়াতৈল এলাকার নেফাজ সরকারের ছেলে।
এ নিয়ে গত দুই সপ্তাহে শাহজাদপুরে বজ্রপাতে ১০ জন মারা গেলেন।
অন্যদিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলহাজ আলীর ছেলে আতিক হাসান (৩২) গতকাল বিকালে গ্রামেই নিজের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা খবরটি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে বাড়ির পাশে গো-খাদ্য (খড়) শুকানোর কাজ করছিলেন নজরুল ইসলাম।
এ সময় বজ্রপাত হলে তার শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো বলেন, এ নিয়ে দুই সপ্তাহে বজ্রপাতে শাহজাদপুরে ১০ জনের মৃত্যু হলো।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, মঙ্গলবার বিকালে নিজের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা যান আতিক হাসান।










