ঝালকাঠির নলছিটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক কর্মচারী ও সিএনজি চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম।
নিহত বাকিয়ার মোল্লা বরিশাল সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্ন কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি করে সবজি নিয়ে বরিশাল থেকে লেবুখালী যাওয়ার পথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।










