ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যাসামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম সিআইপি।

এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল আলুসহ খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সদর থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাব সভাপতি এম রায়হান। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আওয়ামী লীগ নেতা লাড্ডু হোসেন, সমাজসেবক আমির হোসেন, আমজাদ হোসেন, যুবলীগ নেতা ফারুক হোসেন।

মিজানুর রহমান মাসুম বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের সমাজে যারা রিকশা-ভ্যান চালায়, চা-বিক্রেতা, ফুটপাতের হকার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা ঝিনাইদহে পাঁচ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করছি। মানবিক কারণে সমাজের বিত্তবানদেরও নিম্ন আয়ের মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিত।