গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। আগামীতে আমরা যাদের সঙ্গে জোট করব, তারা সরকার গঠন করলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কী ভাবছে, দেশ পরিবর্তনে তাদের অবস্থান কী, চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কী—এসব বিষয় পরিষ্কার হওয়ার পর সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সঙ্গে জোট করব কিনা।’

গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ গণঅধিকার পরিষদের প্রার্থীকে জয়লাভ করানোর প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘এরই মধ্যে আমাদের বেশকিছু প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, তার মধ্যে এ নারায়ণগঞ্জের কয়েকটি আসনের প্রার্থী রয়েছে। বাকি আসনে দ্রুত আমাদের প্রার্থী ঘোষণা করা হবে। তাছাড়া নারায়ণগঞ্জের চারটি আসনে আমাদের সম্ভাবনাময় প্রার্থী আছে, তাদের মধ্যে একজন প্রার্থীকে জয়লাভ করানো সম্ভব।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে আমাদের তরুণদের সিদ্ধান্ত নিতে হবে তাদের স্বপ্ন দেখতে হবে। তারা অমুক ভাই তমুক ভাইয়ের পেছনে ছুটবে নাকি নিজেরাই সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন করার জন্য নেতৃত্ব দেয়ার জন্য দাঁড়িয়ে যাবে। নারায়ণগঞ্জে অসংখ্য সংগ্রামী ও সাহসী তরুণ রয়েছে যারা শামীম ওসমানদের রক্তচক্ষু উপেক্ষা করে গণঅধিকার পরিষদ-ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে মিছিল করেছে। হাসিনার পতনের জন্য লড়াই করেছে, রাজপথে নেতৃত্ব দিয়েছে।’