গাইবান্ধায়  হঠাৎ ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে ঘড়বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো। সেইসঙ্গে উপড়ে গেছে অসংখ্য গাছপালা।


গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম চললেও বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় হঠাৎ পুরো আকাশ মেঘে ঢেকে যায়। এরপরই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় প্রচণ্ড ঝড়-বৃষ্টি। এতে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ঝড় প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল।


প্রবল বাতাসের বেগে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।


এদিকে ঝড়ের পর থেকে বিদ‍্যুৎ সংযোগ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস জানান ,ঝড়ে বিদ্যুতের তারের ওপর গাছের ডাল পড়ায় সাময়িক সমস্যা হয়েছিল। এরই মধ্যে সেগুলো সরিয়ে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে।


গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) শরীফুল আলম বলেন, ঝড়ে উপজেলার বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।