বই পড়ায় উদ্বুদ্ধ করতে যশোরে ব্যতিক্রমী সংগঠন সপ্তাহে ‘একটি বই পড়ি’। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে পাঠকের হাতে বই পৌঁছে দিতে এবং পড়ায় উদ্বুদ্ধ করছে সংগঠনটি। সর্বশেষ গতকাল বিনাখরচে পাঠকের বাড়িতে বই পৌঁছে দেয়া কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনলাইনে ফরম পূরণ করে বইয়ের চাহিদা জানাতে হবে। এরপর সপ্তাহে একটি বই পড়ির স্বেচ্ছাসেবকরা পাঠকের বাড়িতে বিনাখরচেই পৌঁছে দেবেন। প্রতি শনিবার পাঠক এ সুবিধা পাবেন। গতকাল বিকালে যশোর টাউন হল ময়দানে সপ্তাহে একটি বই পড়ি উদ্যোগের আরো একটি নতুন কার্যক্রম ‘সাংস্কৃতিক গ্রন্থাগার’ ও ‘বইয়ের বন্ধু’ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব। উদ্বোধক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু ও সাংবাদিক সাজেদ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তাহে একটি বই পড়ির উদ্যোক্তা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর।