গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেকির বিলের সদ্য রোপণকৃত ধান খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, রোববার সকাল ১১টার দিকে ওই এলাকার এক কৃষক মরদেহটি দেখতে পান। খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, গত ৫-৬ দিন থেকে এই বৃদ্ধকে স্থানীয় হাট-বাজারে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত বৃদ্ধের বয়স ৬০-৬৫ হবে। মুখে দাড়ি ছিল। পরনে লুঙ্গি ও গায়ে সাদা সোয়েটার ছিল। তিনি বলেন, মরদেহের পরিচয় উদ্ধার করতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।