সিলেটে টানা তিনদিন ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর পাঠানটুলায় জামান ভিউ নামের একটি বহুতল ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। আরো কয়েকটি ভবন ভাঙার কাজ চলছে। শতাধিক শ্রমিক ভবন ভাঙার কাজ করছেন। গত বৃহস্পতিবার থেকে এ অভিযান চলছে।
সিসিক কর্তৃপক্ষের দাবি, নগরীর পাঠানটুলা এলাকার আম্বরখানা কুমারগাঁও সুনামগঞ্জ সড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে বহুতল ভবন ও মার্কেট গড়ে তুলেছেন দখলদাররা। অনেকেই ছড়া দখল করে গড়ে তুলেছেন মার্কেট। সিটি করপোরেশন থেকে বার বার নোটিস দেয়া হলেও মালিকরা তাতে কর্ণপাত করেননি। এতে সাম্প্রতিক বৃষ্টিপাতে ওই এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলেই ডুবে যায় পুরো এলাকা। এছাড়া ওই এলাকায় সড়কের বেশকিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণকাজ বিঘ্নিত হচ্ছিল। এ অবস্থায় সওজ ও সিসিক যৌথভাবে গত বৃহস্পতিবার
থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। এ দিন অবৈধভাবে গড়ে ওঠা ‘জামান ভিউ’সহ বেশ কয়েকটি স্থাপনা ও মার্কেট বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে। গতকাল অবৈধভাবে গড়ে ওঠা ‘জামান ভিউ’
গুঁড়িয়ে দেয়া হয়েছে। পাশের আরেকটি ভবন ভাঙার কাজ চলছে। এছাড়া অভিযানে সড়কের জায়গায় গড়ে তোলা একাধিক গেট এবং সীমানাপ্রাচীরও উচ্ছেদ করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে শুধু ‘জামান ভিউ’
নয়, সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকার অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনের সম্মুখভাগ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া কয়েকটি ভবনের সামনের অংশ ভেঙে স্বেচ্ছায় স্থাপনা অপসারণে সময় বেঁধে দেয়া হয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সড়ক ও ড্রেনের জায়গা দখল করে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। বৃষ্টির পানি নামার পথ নেই। জলাবদ্ধতা হলেই সিসিকের দোষ। আমরা সওজকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছি। এ অভিযান অব্যাহত থাকবে।’










