নারায়ণগঞ্জের বন্দরের মিজান সিকদার মিশর হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড ও দুুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিয়ার রহমান গতকাল সকালে এ রায় দেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বন্দরের কাইতাখালী এলাকার দেলোয়ার হোসনের ছেলে মিঠু। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন নোয়াদ্দা এলাকার মঞ্জুর হকের ছেলে মুন্না ও বংগার মিয়ার ছেলে শয়ন। নিহত মিজান সিকদার মিশর কাইতাখালী এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, পাওনা মাত্র ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মিশরের সঙ্গে তর্ক-বিতর্ক হয় কাইতাখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুর। ২০১৯ সালে ২৩ জুলাই রাতে মশার কয়েল কিনতে দোকানে গেলে মিঠু ও তার সহযোগীরা মিশরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনার পরদিন নিহতের ভাই সানি সিকদার বাদী হয়ে মিঠুকে প্রধান আসামি করে মামলা করেন।